কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। এমনকি শত ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না।শনিবার দুপুরে কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে। তার দাবি, আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তবে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরাতে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রাশেদ খান বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এই সংকটকে পুঁজি করে কর্মসূচি পালন করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। রাষ্ট্রকে অশান্ত করা হলে এর সুযোগ আওয়ামী লীগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।রাশেদ খান আরও বলেন, জামায়াতে ইসলামী যদি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলনে যায়, তাহলে দেশের জনগণ জামায়াতের বিরুদ্ধেও আন্দোলনে নামবে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।আবরার ফাহাদের চেতনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ ও আধিপত্যবাদবিরোধী অবস্থানকে সামনে রেখে তারা রাজপথে থাকবেন। একই সঙ্গে আবরার ফাহাদ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/বিএসএস