সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকেরবাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র ও যুব সমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এমন দুর্বল পরিবর্তনের জন্য লড়াই করেনি। এবারের সংগ্রাম সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তনের সংগ্রাম। সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবিও জানান তিনি।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর কমিটি।সমাবেশে মামুনুল হক বলেন, ‘আমরা চাই সংস্কারের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপিত হবে। সংস্কারের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আইন সংযুক্ত হবে। সংস্কারের মাধ্যমে জুলাই সনদও সংবিধানে সংযুক্ত হতে হবে।’তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে, যে রাজনৈতিক ব্যবস্থা আছে—এই রাজনৈতিক ব্যবস্থাই ফ্যাসিবাদের জন্ম দেয়। যদি বর্তমান সংবিধান সংস্কার করা না হয়, তাহলে দুই বছর, চার বছর যে-ই ক্ষমতায় থাকবে, সেই একজন নতুন হাসিনায় পরিণত হবে।’বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল মহানগরের আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
/বিএসএস