• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম


হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়: নাহিদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ আগস্ট ২০২৬ ২:৫০ পিএম

ভারত নিজের ভূখণ্ড ব্যবহার করে দণ্ডিত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত দুই বছর ধরে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম।

তার ভাষ্য, ভারতের এমন কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।

মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে সর্বশেষ দিল্লিতে খুনী হাসিনার কথিত সংবাদ সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে এটিও স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের প্রতি ভারতের আধিপত্যবাদী ও আগ্রাসী নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু একটি বিবৃতি দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এমন গুরুতর আঘাতের পরও ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কার্যকর জবাবদিহিতা আদায় করা যায়নি।

পোস্টে উদ্বেগ প্রকাশ করে নাহিদ লেখেন, গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেও ৫ আগস্টের ওই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য, ব্যাখ্যা কিংবা ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশের বিষয় প্রকাশ্যে আসেনি। বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এমন একটি উচ্চপর্যায়ের বৈঠকে যথাযথ গুরুত্ব না পাওয়াকে তিনি গভীরভাবে হতাশাজনক বলে উল্লেখ করেন।

ভারতীয় হাইকমিশনার দুই দেশের ‘shared dream’-এর কথা উল্লেখ করেছেন—এ প্রসঙ্গে নাহিদ বলেন, বাংলাদেশের জনগণ কোনো কথিত সম্প্রসারণবাদী ‘shared dream’-এর অংশীদার নয়। তার মতে, এমন কোনো সম্পর্ক বাংলাদেশের জনগণ মেনে নেবে না, যেখানে দিল্লি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বা প্রভাব বিস্তারের অধিকার দাবি করে।

নাহিদ বলেন, বাংলাদেশ এমন একটি দক্ষিণ এশিয়া দেখতে চায়, যেখানে গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিবাদকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানান এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তার বিষয়ে সরকারের দৃঢ় ও দৃশ্যমান অবস্থান প্রয়োজন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুযোগ পায়, তাহলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধানের ভারত সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থহীন।

পোস্টের শেষ দিকে নাহিদ ইসলাম বলেন, বন্ধুত্বের অজুহাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী তৎপরতার অবসান, আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাবলির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

/এসএন