দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে জোটের অন্যতম প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতাদের মধ্যে এলডিপি চেয়ারম্যান ও মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা অংশ নেন।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় জামায়াত। পরে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণার ফলে আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদের বর্তমান কাঠামো অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
/এসএন