• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম


‘এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী’

শিক্ষামন্ত্রীকে হাসনাত: শিক্ষার্থীদের গিনিপিগ বানানো বন্ধ করুন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৮:২৩ পিএম

শিক্ষামন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যাদের ‘ফার্মের মুরগি’ বলা হচ্ছে, সেই শিক্ষার্থীরাই একসময় রাজপথে নেমেছিল বলেই আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, নকল আর চলবে না। কিন্তু ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে, শুধু স্ট্যান্টবাজি করে আর চলবে না। তিনি অভিযোগ করেন, হাঁটুসমান ও বুকসমান পানির মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একটি প্রশ্নপত্রে ভুল থাকলে পরীক্ষার্থীদের ওপর যে মানসিক চাপ তৈরি হয়, তা সরকার উপলব্ধি করতে পারেনি।

তিনি আরও অভিযোগ করেন, প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয়ভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। বরং শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে আখ্যা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরাই রাস্তায় এসেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাজপথে নেমেছিল বলেই শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই লন্ডন থেকে এসে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছেন।’

তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে। একই সঙ্গে অভিযোগ করে বলেন, সরকারের দায়িত্বশীলদের অনেকের সন্তান দেশের বাইরে পড়াশোনা করে, অথচ দেশের শিক্ষার্থীদের নিয়ে নানা ধরনের পরীক্ষা চালানো হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটির বিষয়ে যদি বলা হয় সংবিধানে এমন কিছু লেখা নেই, তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও সংবিধানে নির্ধারিত সময় অনুযায়ী নয়। তার ভাষ্য অনুযায়ী, সংবিধান অনুসারে নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।

বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়মের সুযোগ না দেওয়ার আহ্বান জানান।

গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

/এসএন