দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রবিবার (৯ আগস্ট) দিনের শুরুতে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রামে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।শনিবার (৮ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ সফরের তথ্য জানান।সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।মাতারবাড়ীর কর্মসূচি শেষে কক্সবাজারের বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।এরপর দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।সফরের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।সাংগঠনিক সভা শেষে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার।
/বিএসএস