রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এই রিমান্ড আবেদন করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুন নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
পরে গভীর রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। সংসদ সদস্য গাজী নজরুল ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে প্রথম স্ত্রী ও মরিয়মকে নিয়ে থাকতেন। মরিয়মের মামা ওবায়দুল রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় এই বিয়ে হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
রোববার বিকেলে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত ন্যাম ভবনের বাসায় আসতে বলেন। তিনি সেখানে গিয়ে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন। পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
এজাহারে বলা হয়েছে, বিছানা থেকে মরিয়মের লেখা একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। আসামিদের নির্যাতন সহ্য করতে না পেরেই মরিয়ম আত্মহত্যার পথ বেছে নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনের দায়ে ২২ জুলাই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ভিডিও ফাঁসের ঘটনায় এর আগে পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগেও একটি মামলা হয়েছিল। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন গাজী নজরুল।
এবার মরিয়মের আত্মহত্যার ঘটনায় দায়ের করা নতুন মামলায় তার মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।
/এসএন