• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম


রাশিয়ায় বাংলাদেশি কর্মী বাড়িয়ে ১ লাখে নিতে চায় সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ১০:০৮ পিএম

বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানির পরিমাণ আগামী ২০২৭ সালের মধ্যে ১ লাখে উন্নীত করার লক্ষ্যে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী রাশিয়ায় কর্মরত থাকলেও সেই সংখ্যা দ্রুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা ১ লাখে উন্নীত করার প্রস্তাবটিকে রুশ কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং এ বিষয়ে দ্রুত কাজ করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। উভয় পক্ষই আশা করছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের পথে এগোবে।

জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে উভয় পক্ষ মত দিয়েছে।

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি এসব খাতে রপ্তানি বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার ও উন্নয়ন নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সহযোগিতা এগিয়ে নিতে রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে। সফরে কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

/এএসএফ