• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম


মতিঝিলে ব্যাংক থেকে টাকা তোলার পরই গু’লি করে ১৭ লাখ টাকা ছি’নতাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৯:০৭ পিএম

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় লোকমান (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ছিনতাইকারীদের গুলিতে লোকমানের হাত ও পায়ে দুটি গুলি লাগে। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি কামরুজ্জামান তালুকদার জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে আসে। এরপর তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীর দাবি, ছিনিয়ে নেওয়া ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা অথবা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের তথ্য কীভাবে আগে থেকেই ছিনতাইকারীদের কাছে পৌঁছেছে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

/এসএন