• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ এএম


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৯:৩৯ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে এই পদে বিজয়ী হন।

নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের সমর্থন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি ভোট।

এই জয়ের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমানে দায়িত্বে থাকা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

জানা গেছে, নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন প্রথা অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে প্রার্থী হওয়ার সুযোগ ছিল। এ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস।

ভোটগ্রহণ শেষে ফলাফলে ড. খলিলুর রহমান বিজয়ী হওয়ায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ এই দায়িত্ব গ্রহণের পথ সুগম করেন।

/এসএন