রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আরও ১৩টি ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। এছাড়া বাতাসের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়ে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, পানির স্বল্পতার পাশাপাশি যানজটের কারণেও ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করেছেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগুনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তি এলাকায় ঘনবসতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১০০টির বেশি ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।