• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ এএম


কালশী বস্তিতে ভয়াবহ আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১০:২৮ পিএম

রাজধানী ডেস্ক:
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৩৫ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে ঘটনাস্থলের আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

পরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পানিবাহী ট্যাংকারসহ আরও কয়েকটি ইউনিট পাঠানো হলেও তীব্র যানজটের কারণে অন্তত ৫টি ইউনিট ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিল।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিশেষ করে গরুর হাটকে কেন্দ্র করে সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ফায়ার ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে পানির ট্যাংক খুব জরুরি। কিন্তু যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে দেরি হচ্ছে।”

এদিকে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেদের মালামাল নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এএসএফ