প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পরই স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার
রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।
এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে সামনে এগিয়ে আসার চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়েছে। এর পরপরই তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয়।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন।
রংপুরের কর্মসূচি শেষে তিনি রাজশাহীতে যান। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষ করে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
/এএসএফ