• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম


নিষি’দ্ধ সংগঠন ছাড়া সবার সভা-সমাবেশের অধিকার আছে: আইনমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ আগস্ট ২০২৬ ৫:১৪ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাড়া দেশের সবার সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যেন নির্ভয়ে নিজেদের কথা বলতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

গুমের ঘটনা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, গত ছয় মাসে দেশে একটি গুমের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও তিনটি ঘটনার তদন্ত চলমান রয়েছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

দেশে মিথ্যা মামলা হচ্ছে কি না—এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না, এমন কথা বলা যাবে না। তবে এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত আইনে কিছু জটিলতা রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন আনার পর আইনটি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন কার্যকর থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নাম এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগোতে চাই।’

/এসএন