• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ এএম


মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ আগস্ট ২০২৬ ৭:৩৪ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।

তিন বাহিনীর প্রধান হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনকেন্দ্রিক এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন এবং ছয়জন ভোটদানে বিরত ছিলেন।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান এবং তাকে আলিঙ্গন করেন।

১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়।

/এসএন