• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম


শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ আগস্ট ২০২৬ ২:৪৩ পিএম

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিস্থলে দোয়া ও মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলিয়ে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে ৯ জন ভোটদানে অনুপস্থিত ছিলেন।

ভোটগ্রহণ শেষে গণনা করা হলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

পরে বৃহস্পতিবার বিকেলে ভোট গণনা শেষে জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

/এসএন