• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ এএম


রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই প্রথমে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ৭:২০ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমেই জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ দৃশ্য দেখা যায়। ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত ফল অনুযায়ী, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যেই ভোট গণনা করা হয়।

ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। এ সময় ব্যালটে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হয় তাদের।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের শুরুতে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোট দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

/এসএন