রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। এরপর নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
সিইসির আনুষ্ঠানিক ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এর আগে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
/এসএন