• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম


বাংলাদেশের ৫১ শতাংশ মানুষের ভারত সম্পর্কে নে’তিবাচক মনোভাব: পিউ গবেষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ আগস্ট ২০২৬ ৮:১৪ পিএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ একে অপরের দেশকে কীভাবে মূল্যায়ন করেন, তা নিয়ে জরিপ চালিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত গবেষণার ফলাফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের পারস্পরিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের চিত্র উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ সম্পর্কে ভারতের মানুষের ইতিবাচক মনোভাব তুলনামূলকভাবে কম। ভারতের মাত্র ২৫ শতাংশ মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে বাংলাদেশের বিষয়ে ইতিবাচক মনোভাব অনেক বেশি। পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন।

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পর বাংলাদেশ সম্পর্কে ভারতীয়দের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ১০ শতাংশ কমেছে। বর্তমানে ভারতের ৪৮ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন।

অন্যদিকে, বাংলাদেশের প্রতি পাকিস্তানের ২২ শতাংশ এবং শ্রীলঙ্কার ১৮ শতাংশ মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে ২০২৪ সালের তুলনায় বাংলাদেশ সম্পর্কে শ্রীলঙ্কার মানুষের ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে।

জরিপে বাংলাদেশের মানুষের ভারত-সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতেও বড় পরিবর্তন দেখা গেছে। গবেষণার ফল অনুযায়ী, বাংলাদেশের ৫১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ৪২ শতাংশ মানুষ ভারতের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানিয়েছেন।

বাংলাদেশে পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ হয়েছিল ২০২৪ সালে। ওই সময়ের তুলনায় এবার ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে। একই সঙ্গে আগের জরিপে ২৪ শতাংশ মানুষ ভারত সম্পর্কে কোনো মতামত দেননি। এবার সেই হার উল্লেখযোগ্যভাবে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে।

জরিপে একই সময়ে শ্রীলঙ্কা সম্পর্কেও বাংলাদেশের মানুষের মনোভাবের পরিবর্তন উঠে এসেছে। দেশটির প্রতি বাংলাদেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন দেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হয়—এমন প্রশ্নেও অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্নমত পাওয়া গেছে। জরিপে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতকে তাদের মিত্র হিসেবে বিবেচনা করেছেন।

তবে বাংলাদেশ ও পাকিস্তানের বেশির ভাগ জরিপ অংশগ্রহণকারী ভারতকে সবচেয়ে ‘বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করেছেন। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও জনমতের ক্ষেত্রে দেশভেদে উল্লেখযোগ্য পার্থক্যের চিত্র উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণায়।

/এসএন