• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ এএম


শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: ডা. জুবাইদা রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১২:০৯ এএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে গভীর শোকের মধ্যে ফেলেছে। তবে এই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে আহতদের সাহস, ধৈর্য ও দৃঢ়তা থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত।

মঙ্গলবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্মরণ করে বলেন, ‘আজ এমন একটি দিন, যেদিন পুরো দেশ ও জাতি গভীরভাবে শোকাগ্রস্ত। এই আকস্মিক ও ভয়াবহ দুর্ঘটনা আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গোটা জাতি সমবেদনা জানাচ্ছে। আমি ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই।’

আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, এই ভয়াবহ অভিজ্ঞতার পরও তাঁরা যেভাবে সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, তা জাতি কখনো ভুলবে না। শোকের মধ্যেও তাঁদের দেখানো দৃঢ়তা সত্যিই অনুপ্রেরণাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং চিকিৎসা বিশেষজ্ঞদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। বক্তব্য শেষে তিনি আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাটি দেশের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায়। তিনি বলেন, সেই সংকটময় সময়ে সিঙ্গাপুর, ভারত, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, তা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শাওন বিন রহমান।