সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতে শুরু করে।
ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর এলাকার এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় ভিডিওটির উৎস নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান বলেন, তাঁদের ধারণা, ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মঙ্গলবার সকালে প্রথম আলোকে জানান, পরে এ বিষয়ে বক্তব্য দেবেন।
এর কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ভাইরাল ভিডিও প্রসঙ্গে ব্যাখ্যা দেন তিনি।
ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তাঁর দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে তাঁরা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।
তিনি লিখেছেন, ওই সময় তাঁর গাড়িচালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন। তাঁদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেন এমপি।
গাজী নজরুল ইসলাম আরও দাবি করেন, তিনি যাতায়াতের জন্য যে ভাড়ার গাড়ি ব্যবহার করতেন, ওবায়দুল্লাহর যোগসাজশে সেটিও পরে আটকে রাখা হয়। এরপর দফায় দফায় তাঁদের কাছে কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এমপির ভাষ্য অনুযায়ী, তাঁর দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই পুরো ঘটনাটি ঘটানো হয়েছে।
ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তী সময়ে হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।’
ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ফেসবুক পোস্টে এমপি আরও উল্লেখ করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তাঁর প্রথম স্ত্রীর সম্মতিতে রাজধানীতে মাসুম বিল্লাহর বাসভবনে মরিয়াম বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়।
যাঁরা তাঁর সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গাজী নজরুল ইসলাম।