• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম


পুরোনো বন্ধু বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে ড. ইউনূসের পুনর্মিলন নিউইয়র্কে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৯ পিএম

নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণার শুরুর দিকের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন বিল ক্লিনটন। আরকানসাসের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে, ১৯৭৯–১৯৮১ এবং ১৯৮৩–১৯৯২ সময়ে, তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে কাজ করেন।

সে সময় আরকানসাসে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল কীভাবে প্রয়োগ করা যায়, তা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় নিম্নআয়ের মানুষের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কর্মসূচি গড়ে তোলার কাজও এগিয়ে যায়।

ক্ষুদ্রঋণের অন্যতম প্রবক্তা হিসেবে হিলারি ক্লিনটনের নামও উল্লেখ করা হয়। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য মোকাবিলায় ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে তিনি বিভিন্ন সময়ে কথা বলেছেন।

১৯৯৫ সালে মেয়ে চেলসিকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন হিলারি ক্লিনটন। সে সময় তিনি গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচি নারী ও তাঁদের পরিবারের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, সফরের সময় সে বিষয়েও তিনি ধারণা নেন।

/এসএন