• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ এএম


পঞ্চগড়ে বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৮:৪২ পিএম

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে অভিযান চালিয়ে কষ্টি পাথরের একটি ভাঙা মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন বর্ষালুপাড়া বিওপির টহল দল বিশেষ এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার দুই চোরাকারবারী দুলাল হোসেন (৩৬) ও কলিমউদ্দিনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে কষ্টি পাথরের একটি ভাঙা মূর্তি উদ্ধার করা হয়।

অভিযানে চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। জব্দ করা সব মালামালের মোট মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৩৯৬/৫ আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক খ. আখলাকুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও পুশইনসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বিজিবি উদ্ধার হওয়া মালামাল ও আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/এএসএফ