• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:১৩ এএম


পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের রায় বহাল, তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ সুগম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ১২:২৪ পিএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আইনি পথ আরও সুগম হলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বদিউল আলম মজুমদারসহ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে করা আপিলগুলো আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকল।

২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংবিধানের ৫৪টি স্থানে বিভিন্ন সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করেন। ওই রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার আইনি ভিত্তি তৈরি হয়। তবে রিটকারী পক্ষ পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে আপিল বিভাগে আবেদন করে।

পরে জামায়াতে ইসলামী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মামলায় পক্ষভুক্ত হয়ে পৃথক আপিল দায়ের করেন।

গত সোমবার থেকে টানা তিন দিন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ সব আপিল খারিজ করে দিলে হাইকোর্টের আংশিক বাতিলের রায়ই বহাল থাকে।

সূত্র: আদালত

/এএসএফ