আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাঁথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে কোনো এজেন্ডা না থাকায় বিষয়টি আপাতত বিবেচনার বাইরে রয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি পরিবর্তন আনা হলেও পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ওসমান বিন হাদির নাম যুক্ত করা হচ্ছে না। একই সঙ্গে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের সম্পাদনা কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার বলেন, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ফলে ২০২৭ শিক্ষাবর্ষের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ওসমান বিন হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।
তিনি আরও জানান, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সে সময় কোন বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন বিষয় বাদ যাবে, তা পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।
এনসিটিবি সূত্রে আরও জানা গেছে, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে চতুর্থ শ্রেণির জন্য নতুন দুটি বইয়ের সম্পাদনার কাজ এখনও চলমান রয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক ব্যক্তিত্বকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই কাঠামোয় শহীদ ওসমান বিন হাদিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চূড়ান্ত সিদ্ধান্ত পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
/এএসএফ