বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) প্রাঙ্গণে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের অধিকাংশই ডেবিট কার্ডের মতো দেখতে ক্ষুদ্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিলেন। ডিভাইসটির একটি অংশ পোশাকের ভেতরে বা পকেটে গোপনে রাখা হয়, যেখানে একটি সিম কার্ড সংযুক্ত থাকে। অপর অংশটি অত্যন্ত ছোট ইয়ারপিসের মতো হওয়ায় তা কানের ভেতরে স্থাপন করা হয়। এভাবে পরীক্ষার্থী বাইরে অবস্থানকারী ব্যক্তির সঙ্গে গোপনে যোগাযোগ করে উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও আইবিএর সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, একজন পরীক্ষার্থীর কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করতে তিন দফা তল্লাশি চালাতে হয়। প্রথম দুই দফার তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও তৃতীয় দফায় তার পরিহিত স্যান্ডো গেঞ্জির সঙ্গে বিশেষ কৌশলে সেলাই করে রাখা ডিভাইসটির মূল অংশ উদ্ধার করা সম্ভব হয়।আটক ১২ জনের মধ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল কেন্দ্র থেকে ৭ জন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ১ জন এবং ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্র থেকে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের আইবিএতে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।উল্লেখ্য, গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫ হাজার ১৪৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
/বিএসএস