ভারতে মাদক পাচার রোধের দায়িত্বে থাকা পুলিশ সদস্যই গ্রেপ্তার হয়েছেন হেরোইনসহ। পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলায় ১৫ কেজি হেরোইনসহ করণদীপ সিং নামের ওই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৪০ কোটি রুপিরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা।১৪ অক্টোবর বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও তদন্তকারী সংস্থাগুলোর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সীমান্তবর্তী জেলার সরাই আমানত খান এলাকায় এ অভিযান চালানো হয়।করণদীপ সিংয়ের দায়িত্ব ছিল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধ করা। অথচ অভিযোগ উঠেছে, তিনি নিজেই সীমান্ত এলাকা থেকে হেরোইনের চালানটি নিজের গ্রাম ভুসসে নিয়ে যাচ্ছিলেন।ঘটনার পর মাদকের চালানটির উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি চালানটি কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
/বিএসএস