• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


হরমুজ প্রণালীতে নিখোঁজ হলো মার্কিন নজরদারী ড্রোন!

আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ১২:১৬ পিএম

হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। MQ-4C Triton মডেলের এই ড্রোনটি জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি মিশন পরিচালনা করে Naval Air Station Sigonella ঘাঁটিতে ফেরার পথে ছিল।

উড্ডয়নের সময় এটি প্রথমে ‘৭৪০০’ কোড পাঠায়, যা সাধারণত রিমোট পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সংকেত হিসেবে ব্যবহৃত হয়। পরে এটি ‘৭৭০০’ কোড পাঠায়, যা সাধারণ জরুরি পরিস্থিতির নির্দেশনা দেয়। এরপর ড্রোনটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং শেষ পর্যন্ত রাডার থেকে হারিয়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রোনটি প্রায় ৫২ হাজার ফুট উচ্চতা থেকে নেমে ৯ হাজার ৫০০ ফুটের কাছাকাছি পৌঁছানোর পর সংকেত হারিয়ে ফেলে। শেষ মুহূর্তে এটি ইরানের দিকেও কিছুটা মোড় নিয়েছিল বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।

ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনীও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সামরিক ড্রোন হিসেবে পরিচিত MQ-4C Triton-এর মূল্য ১৩০ থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি। এটি দীর্ঘ সময় ধরে সমুদ্রপথে নজরদারি চালাতে সক্ষম এবং বিশেষভাবে হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চল পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়।