• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ এএম


জিলহজের শেষভাগে খামেনির রাষ্ট্রীয় জানাজা, ২ কোটি মানুষের প্রস্তুতি নিচ্ছে তেহরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ৯:৩৪ এএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান সম্ভবত জিলহজ মাসের শেষভাগ এবং মহররমের শুরুতে অনুষ্ঠিত হবে। তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, আগামী প্রায় দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

মঙ্গলবার (২ জুন) ইরানের মেট্রোপলিটনগুলোর ৫২তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে তিনি এ তথ্য জানান। তাভাকোলিজাদেহ বলেন, খামেনির দাফন অনুষ্ঠানের দায়িত্ব তার ওপর অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী ‘পিপলস প্যারেড’ বা গণশোক মিছিল আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি জানান, বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পর জানাজা ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা তেহরানে অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে। রাজধানীতে দেড় থেকে দুই কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে—এমন হিসাব ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তাভাকোলিজাদেহ আরও জানান, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজন করা হবে। এছাড়া দেশের বিভিন্ন প্রদেশ থেকেও একই ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুরোধ এসেছে।

পরিবারের সুপারিশ অনুযায়ী আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হবে বলে জানান তিনি।

তেহরানের এই কর্মকর্তা বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, কাশ্মীরসহ পূর্বাঞ্চলীয় ইসলামি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা ও শোকাহত মানুষ মাশহাদে উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন হামলার প্রেক্ষাপটে তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। তাদের স্মরণে গত সপ্তাহে তেহরানে পৃথক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

এর আগে তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেন, খামেনির জানাজা ইরান এবং সমগ্র ইসলামি বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় বৈশ্বিক অনুষ্ঠানে পরিণত হবে। তিনি জানান, ইরাকসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণের জন্য প্রস্তুতির খবর ইতোমধ্যে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস ওই পদে দায়িত্ব পালন করেন।

/এসএন