• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম


“হরমুজে নতুন অধ্যায় শুরু”—মোজতবা খামেনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৯:৪৫ পিএম

পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক ব্যর্থতার’ পর এই অঞ্চলে এক ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে।

মঙ্গলবার ইরানে পালিত জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, “বিশ্বের বৃহত্তম সামরিক অভিযান ও আগ্রাসনের পর এবং আমেরিকার নিজস্ব পরিকল্পনায় ব্যর্থতার দুই মাস পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে।”

এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

ঐতিহাসিকভাবে ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ অঞ্চল থেকে বিতাড়নের স্মরণে ইরানে প্রতিবছর এই দিবস পালন করা হয়। সেই প্রেক্ষাপটে দেওয়া এবারের বক্তব্যকে প্রতীকী ও কৌশলগত গুরুত্বের বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ইরান মূলত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ জোরদারের বার্তা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব হ্রাসের ইঙ্গিতও এতে রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলকে ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।