• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম


ট্রাম্পের সফর শেষ হতেই চীনে যাচ্ছেন পুতিন, নতুন কূটনৈতিক সমীকরণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ মে ২০২৬ ৮:৫১ পিএম

বিশ্ব রাজনীতিতে নতুন এক কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত মিলছে চীনকে ঘিরে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য চীন সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক কূটনীতিতে নতুন সমীকরণের আভাস দেখছেন বিশ্লেষকরা।

শুক্রবার (১৫ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মে এক দিনের সংক্ষিপ্ত সফরে বেইজিং যেতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরটি মূলত দুই দেশের নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এতে বড় ধরনের আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা আয়োজনের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত চীন বা রাশিয়ার পক্ষ থেকে সফরের তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এরই মধ্যে দীর্ঘ নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার তিন দিনের চীন সফর শেষ করেছেন। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

ট্রাম্পের সফর শেষ হওয়ার পরপরই পুতিনের সম্ভাব্য বেইজিং সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে। কারণ, বহুপক্ষীয় কোনো সম্মেলন বা আন্তর্জাতিক আয়োজন ছাড়াই ইতিহাসে এই প্রথম একই মাসে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দিতে যাচ্ছে চীন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি আরও বলেন, এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং এর সঙ্গে ট্রাম্পের বেইজিং সফরের কোনো সরাসরি সম্পর্ক নেই।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য এই বৈঠক নিয়ে মস্কোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। উপযুক্ত সময় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

/এসএন