রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীনসহ কয়েকটি দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল অনুমোদিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিলটি ভোটে তোলা হলে ১০০ সদস্যের মধ্যে ৮৬ জন এর পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১১ জন সিনেটর এবং তিনজন ভোটদানে বিরত থাকেন।
বিলটির অন্যতম উদ্যোক্তা ছিলেন সাবেক সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম, যিনি গত ১১ জুলাই মারা যান। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ ব্যাপক পরিমাণে রাশিয়া থেকে তেল ও অন্যান্য জ্বালানি পণ্য কিনে দেশটিকে যুদ্ধ পরিচালনায় অর্থায়নের সুযোগ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র চাইলে ১০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে।
সিনেটে অনুমোদনের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন আগামী ৩১ আগস্ট শুরু হওয়ার কথা। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাস হলে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।
প্রস্তাবিত আইন কার্যকর হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও অতিরিক্ত শুল্কের আওতায় পড়তে পারে। কারণ, দেশগুলো জ্বালানি তেল ও গ্যাসের ক্ষেত্রে রাশিয়ার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল এবং ইউক্রেন যুদ্ধ চলাকালেও সেই নির্ভরতা বজায় রেখেছে।
বিলে শুধু রাশিয়ার জ্বালানি ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ই নেই। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রাখা হয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার বিষয়টিও বিলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
/এসএন