• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম


ফেরার তারিখ নেই, ২৫৯ দিন ধরে সাগরে ভাসছে মার্কিন রণতরি আব্রাহাম লিঙ্কন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ আগস্ট ২০২৬ ১:৪৬ পিএম

ইরান যুদ্ধের কারণে ২৫৯ দিন সমুদ্রে মার্কিন রণতরি, নাবিকদের জীবনযাপন নিয়ে উদ্বেগ

ইরান যুদ্ধের কারণে নির্দিষ্ট কোনো ফেরার তারিখ ছাড়াই দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস লিঙ্কন। এতে জাহাজে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য, খাবার ও জীবনযাপনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনরা।

সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাওয়ের কাছে এসব অভিযোগ তুলে ধরেন প্রায় দুই শত পরিবারের সদস্য। তাদের অভিযোগ, দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে। পাশাপাশি সুপেয় পানির সংকট, শৌচাগারের সমস্যা, ক্ষতিকর ছত্রাক, খাবারের ঘাটতি এবং ডাকসেবা ব্যাহত হওয়ার মতো সমস্যাও দেখা দিয়েছে।

গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো ছাড়ার পর ইউএসএস লিঙ্কন ২৫৯ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে মাত্র দুইবার বিরতি নিয়ে টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে রণতরিটি।

এদিকে ইউএসএস লিঙ্কনের পরিবর্তে ইউএসএস থিওডোর রুজভেল্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে রণতরিটি কবে দায়িত্ব নেবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।

নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল ও ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো দীর্ঘমেয়াদি এই মোতায়েনের কারণে নাবিক ও তাদের পরিবারের ওপর তৈরি হওয়া চাপের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে বাহরাইনকেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কথাও জানান তারা।

কর্মকর্তারা বলেন, প্রাথমিক কিছু সমস্যা কাটিয়ে বর্তমানে খাবার, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী ও ডাক সরবরাহ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে। নাবিকদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলর ও ধর্মীয় প্রতিনিধিদেরও নিয়োজিত করা হয়েছে।

এ ছাড়া শৌচাগার ও বায়ুচলাচল ব্যবস্থার ত্রুটি দ্রুত সংস্কারের কাজ চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএসএফ