এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইন গাছের বাগানে ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগও করেছে এনএনএ।
অন্যদিকে, দক্ষিণ লেবাননে পরিচালিত ৪০১তম ব্রিগেডের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, ৯১তম ডিভিশনের অধীনস্থ এই ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এই সময়জুড়ে তারা সীমান্ত এলাকায় প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, অভিযানের সময় হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে। পাশাপাশি ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
/এসএন