• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম


এফআইআর প্রত্যাহার না হলে ভারতজুড়ে ফের বিক্ষোভের হুঁশিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৪:১০ পিএম

মামলা প্রত্যাহার না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে সরকার ব্যবহার করতে পারে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সব মামলা প্রত্যাহার না হলে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগ নিয়ে করা একাধিক আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেন, যেসব শান্তিপূর্ণ শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যারা আটক হয়েছেন, তাদের বিরুদ্ধে জোরপূর্বক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। একই সঙ্গে তাদের দ্রুত মুক্তির নির্দেশ দেওয়া হয়। তবে আদালত রাজ্য সরকারগুলোকে দায়ের করা এফআইআরের তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, গত ২৫ জুলাই সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারের স্পষ্ট আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশকে কাজে লাগিয়ে বিজেপি-শাসিত রাজ্যগুলো আন্দোলনকারীদের হয়রানি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

তিনি আরও বলেন, আদালতের আদেশকে আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। সরকারের উচিত আন্দোলনকারীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সব মামলা প্রত্যাহার করা।

সোমবার ও মঙ্গলবার পরপর দুই দিন সরকারকে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে সিজেপি নেতারা সতর্ক করেন, সব এফআইআর বাতিল এবং আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে তারা আবারও রাজপথে আন্দোলনে নামবেন।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ইস্যুতে গত ২০ জুন শুরু হওয়া আন্দোলনের মুখে গত শনিবার তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পরে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে সিজেপি তাদের কর্মসূচি স্থগিত করেছিল।

/এএসএফ