• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম


হরমুজে নিরাপত্তা উদ্বেগ, জাহাজ চলাচলে স্পষ্ট ধীরগতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১২:৪৫ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য বলছে, সপ্তাহের শুরুতেই এ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল আরও কমে গেছে।

ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) হরমুজ প্রণালি অতিক্রম করেছে মোট চারটি পণ্যবাহী জাহাজ। এর অধিকাংশই ছিল ইরানি রুটে চলাচলকারী। আগের দিন, অর্থাৎ রোববার এ সংখ্যা ছিল সাতটি।

সোমবার প্রণালি অতিক্রম করা চারটি জাহাজের মধ্যে দুটি প্রণালি থেকে বেরিয়ে গেছে এবং বাকি দুটি প্রবেশ করেছে।

প্রণালি ত্যাগ করা দুটি জাহাজের একটি ছিল পেট্রোকেমিক্যাল পণ্যবাহী ট্যাংকার, অন্যটি ছিল সম্পূর্ণ খালি। অন্যদিকে, প্রণালিতে প্রবেশ করা দুটি জাহাজের একটি ছিল বিটুমিনবাহী ট্যাংকার এবং অন্যটি তেলবাহী ট্যাংকার।

এ দিন হরমুজ প্রণালি দিয়ে কোনো বিশাল আকৃতির অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার চলাচল করেনি।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তারা একাধিক প্রতিবেদনের মাধ্যমে পেয়েছে।

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে গ্রিক শিপিং কোম্পানি ডায়ানাকম ট্যাংকার্স জানিয়েছে, সোমবার ওমান উপকূল অতিক্রম করার সময় তাদের পরিচালিত দুটি জাহাজেও অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হানে। এছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক সিপিসি টার্মিনালে কোম্পানিটির আরেকটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।