• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম


ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফো/রণ, নিহ/ত ১১ শ্রমিক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ২:৪৮ পিএম

ভারতের ছত্রিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেড-এর একটি বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটির একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। পুলিশ আশঙ্কা করছে, বিস্ফোরণের সময় বয়লার কক্ষে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান বেদান্ত লিমিটেড জানিয়েছে, সংশ্লিষ্ট বয়লার ইউনিটটি তাদের সরাসরি তত্ত্বাবধানে ছিল না। তাদের দাবি, ইউনিটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।