• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম


দাবি পাকিস্তানি সাংবাদিকের

চুক্তি ছাড়াই শেষ ইসলামাবাদ বৈঠক, নতুন আলোচনায় সম্মত ইরান–যুক্তরাষ্ট্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১০:৪৪ পিএম

পাকিস্তানের ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকটি কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে দুই দেশই আবারও নতুন দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন হামিদ মির। নতুন বৈঠকের সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।

রোববার (১২ এপ্রিল) রাতে নয়া পাকিস্তান-এ আলোচনায় তিনি বলেন, এক বা দুই দফা বৈঠকে বড় কোনো সমাধান আশা করা যায় না, তাই এটিকে পুরোপুরি ব্যর্থ বলা ঠিক হবে না।

উভয় পক্ষের সূত্রের বরাত দিয়ে হামিদ মির জানান, দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং আংশিক ঐকমত্যও তৈরি হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজ নিজ দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ প্রয়োজন।

তার ভাষ্য অনুযায়ী, আলোচনার শেষ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ-এর সঙ্গে কথা বলেন এবং বিষয়গুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কাছে উপস্থাপনের কথা জানান। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই বৈঠক নিয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা দেওয়া হবে না এবং ভবিষ্যতে আবারও আলোচনা হতে পারে।

হামিদ মির আরও বলেন, বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়েও পরোক্ষ যোগাযোগ চলছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। তার ভাষায়, “কূটনীতি কখনো শেষ হয় না”, যা ইঙ্গিত দেয় যে তেহরান আলোচনার পথ খোলা রাখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল শুরু হওয়া প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকটি ১২ এপ্রিল সকালে শেষ হয়, তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই।

তথ্যসূত্র: জিও নিউজ