• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ এএম


ভেনেজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপে ৩২ ঘণ্টা, অক্ষত অবস্থায় উদ্ধার ১৮ দিনের শিশু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুন ২০২৬ ১২:৩৪ এএম

৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে থেকেও অলৌকিকভাবে বেঁচে গেল ১৮ দিনের নবজাতক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১৮ দিনের এক নবজাতককে। শিশুটিকে উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর একই ধ্বংসস্তূপ থেকে তার মাকেও জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

শনিবার বার্তাসংস্থা এএফপি জানায়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বের করে আনার পর উপস্থিত উদ্ধারকর্মী ও স্থানীয়রা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে কম্বলে মোড়ানো নবজাতককে অত্যন্ত সতর্কতার সঙ্গে এক উদ্ধারকর্মীর কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা হয়।

ভিডিওটি প্রকাশ করেন উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো। তিনি জানান, উদ্ধার হওয়া শিশুটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকলেও তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরবর্তীতে একই অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে হাসপাতালের বিছানায় নবজাতকটিকে তার মায়ের পাশে শুয়ে থাকতে দেখা যায়।

চিকিৎসকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সময় মা হয়তো নিজের শরীর কিংবা আশপাশের কোনো বস্তুর সাহায্যে শিশুটিকে সুরক্ষিত রেখেছিলেন। এ কারণেই এত দীর্ঘ সময় পরও নবজাতকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

সূত্র: এএফপি

/এএসএফ