• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম


মধ্যপ্রাচ্যের সকল সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১০:৫৬ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান সংঘাতের ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

তুরস্কের সংসদীয় স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন গালিবাফ। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।

গালিবাফ বলেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখা আর কেবল একটি রাজনৈতিক পছন্দ নয়; বরং এটি এখন অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোকে পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীল না থেকে নিজেদের সক্ষমতার ভিত্তিতে একটি নতুন নিরাপত্তা কাঠামো ও আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা মনে করেন, চলমান সংঘাতের পর মধ্যপ্রাচ্যে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারে, তাহলে অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, বর্তমান সংকট আঞ্চলিক শক্তিগুলোর জন্য আত্মনির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থায় মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ