• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম


২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, বাড়ছে হামের প্রকোপ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০১ পিএম

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭৮৭ জন এবং একই সময়ে মারা গেছেন চারজন।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬০ জন। একই সময়ে নিশ্চিতভাবে দুইজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া একই সময়ে সন্দেহভাজন হিসেবে ৭৮৭ জন আক্রান্ত এবং চারজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮২৬ জন। একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।

এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১৬ জন। আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৬৫৪ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানানো হয়েছে।

এদিকে দেশে হামের বিস্তার বেড়ে যাওয়ায় সরকার ২০টি জেলার ৩০টি এলাকাকে ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় সংক্রমণের হার তুলনামূলক বেশি হওয়ায় বিশেষ নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।