• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


মস্তিষ্কের টিউমারের ৭টি সতর্ক সংকেত: ভুলেও এড়িয়ে যাবেন না

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৪ এপ্রিল ২০২৬ ৪:৪১ পিএম

আমরা অনেক সময় মাথাব্যথা, ক্লান্তি বা সাধারণ ভুলে যাওয়া সমস্যাগুলোকে দৈনন্দিন জীবনের অংশ মনে করি এবং তা উপেক্ষা করি। তবে সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে, এই সাধারণ লক্ষণগুলোও হতে পারে মস্তিষ্কের টিউমারের প্রাথমিক সতর্ক সংকেত। সঠিক সময়ে শনাক্ত না হলে চিকিৎসা জটিল হয়ে যেতে পারে।

ওল্ফসন ইনস্টিটিউট অব পপুলেশন হেলথের গবেষক লরা স্ট্যান্ডেন বলেন, রোগী ও চিকিৎসকেরা প্রাথমিক লক্ষণগুলোকে অনেক সময় গুরুত্ব দেন না। তাই রোগ নির্ণয়ে দেরি হয়।

সতর্ক থাকার ৭টি লক্ষণ

১. কথা বলতে জড়তা: সঠিক শব্দ খুঁজে না পাওয়া, বাক্য গঠন করতে সমস্যা বা হঠাৎ কথার খেই হারানো।
২. মানসিক কুয়াশা: সাধারণ কাজে মনোযোগ কমে যাওয়া বা সাধারণ বিষয় দ্রুত ভুলে যাওয়া।
৩. শরীরে অস্বাভাবিক অনুভূতি: মুখমণ্ডল, জিহ্বা বা শরীরের কোনো অংশে ঝিঁঝিঁ ধরা বা অবশ ভাব।
৪. দৃষ্টিশক্তির পরিবর্তন: হঠাৎ কোনো জিনিস দুবার দেখা বা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া।
৫. হাতের লেখায় পরিবর্তন: হঠাৎ হাতের লেখা অস্পষ্ট বা আঁকাবাঁকা হওয়া।
৬. আচরণ ও মেজাজের পরিবর্তন: অকারণে খিটখিটে মেজাজ, আগ্রহ হারানো বা ব্যক্তিত্বে আকস্মিক পরিবর্তন।
৭. দীর্ঘস্থায়ী মাথাব্যথা: সাধারণ ওষুধে ঠিক না হওয়া মাথাব্যথা, যা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং দিন দিন তীব্র হয়।

গবেষকদের পরামর্শ

লরা স্ট্যান্ডেন বলেন, এই লক্ষণগুলো থাকার মানেই টিউমার হয়েছে এমন নয়। তবে যদি এগুলো কয়েক সপ্তাহ ধরে থাকে বা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে তা উপেক্ষা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতার হার অনেক বেশি থাকে।