এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহিকে শৃঙ্খলাজনিত কারণে আগেই মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টি.সি.) দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরিতে (জিডি) এ তথ্য উল্লেখ করেছে মাইলস্টোন কলেজ। জিডিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে সুহিকে প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই।
জিডিতে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন নিয়ে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়েছে।
মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে তুরাগ থানায় জিডিটি করেন। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে জিডিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
/এসএন