• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম


রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ১০:২৫ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন। একই সঙ্গে বুধবার (১৫ জুলাই) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে তারা স্লোগান দেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ (বুধবার) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

এই ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে গেলে ধীরে ধীরে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। ওই দিন রাত পৌনে ১০টার দিকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ শেষ করেন।

মঙ্গলবার ঘোষিত কর্মসূচিতে শিক্ষার্থীরা জানিয়েছিলেন, বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করা হলে বেলা ৩টা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

সেই ঘোষণা অনুযায়ী বুধবার বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন তারা।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন শিক্ষার্থীরা। এরপর তারা সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ের দিকে রওনা হন এবং পরে সেখানে সড়ক অবরোধ করেন।

শিক্ষা ভবনের সামনে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম বলেন, শিক্ষামন্ত্রী তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তিনি বলেন, ‘মন্ত্রী বলেছেন যারা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, তারা পূর্ণ নম্বর পাবেন, আর যারা উত্তর করেননি, তাদের কী হবে?

/এসএন