• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম


আন্দোলনের শ/ঙ্কায় এইচএসসি কেন্দ্রে বাড়ল অভিভাবকদের উপস্থিতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ১:২৮ পিএম

পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলন এবং পরীক্ষা শেষে ঘোষিত লংমার্চ কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দেখা গেছে বাড়তি সতর্কতা। অন্য দিনের তুলনায় বুধবার (১৫ জুলাই) উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক সন্তানদের সঙ্গে কেন্দ্রে এসে অপেক্ষা করেছেন। অনেকেই জানিয়েছেন, পরীক্ষা শেষে সন্তানদের একা না পাঠিয়ে নিজেরাই সঙ্গে করে বাসায় নিয়ে যাবেন।

বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা চলাকালে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ কেন্দ্রের মূল ফটকের সামনে, কেউ গাছের ছায়ায়, আবার কেউ ফুটপাতে অবস্থান করে অপেক্ষা করছিলেন। অনেকের মুখেই ছিল উদ্বেগের ছাপ।

এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

এদিকে, পরীক্ষা শেষে দুপুর দেড়টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করেই পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।

সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক নাসরিন আক্তার বলেন, গত কয়েক দিনের পরিস্থিতি দেখে সন্তানদের একা পাঠিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। তাই আজ পরীক্ষা শেষে মেয়েকে সঙ্গে নিয়েই বাসায় ফিরবেন।

আরেক অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন হোক, সেটিই তারা চান। তবে পরীক্ষা শেষে কোনো কর্মসূচি থাকলে সন্তান যেন কোনো ঝুঁকিতে না পড়ে, সে কারণেই তিনি কেন্দ্রে অপেক্ষা করছেন।

অভিভাবক আবদুল কাদের জানান, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার সময় কেন্দ্রে আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আজ সকাল থেকেই তিনি কেন্দ্রে অবস্থান করছেন। ছেলে পরীক্ষা শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে বাসায় ফিরে যাবেন।

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, বন্যা ও জলাবদ্ধতার কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

/এসএন