• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ এএম


‘লেডি ডন’ লাইলি ফের গ্রেফতার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৩ পিএম

‘লেডি ডন’ লাইলি ফের গ্রেফতার, এবার ইয়াবাসহকুমিল্লার দেবীদ্বারে ‘হানি ট্র্যাপ’ ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তারকে ফের গ্রেফতার করেছে পুলিশ। এবার মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে দেবীদ্বার নিউমার্কেট এলাকার ‘আহসান মঞ্জিল’ বাসায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ লাইলিকে গ্রেফতার করা হয়।

লাইলি আক্তার (৩৫) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।পুলিশ জানায়, এর আগে গত ৭ এপ্রিল একই বাসায় অবস্থানকালে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হন লাইলি। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও ওই বাসায় অবস্থান করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, লাইলি দীর্ঘদিন ধরে দেবীদ্বার ও আশপাশের এলাকায় একটি অপরাধ চক্রের সঙ্গে জড়িত। প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সদস্যদের টার্গেট করে তরুণীদের মাধ্যমে প্রেমের অভিনয় ও ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, লাইলি দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকায় আলোচনা রয়েছে। বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ও তার প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।তবে লাইলি আক্তার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ভালো হয়ে গেছি।

আমার ছেলে মাদক ব্যবসা করে। ছেলে রাতে ঘুমিয়েছিল। তখন তার বন্ধুরা এসে ইয়াবা চাইলে আমি জানালা দিয়ে ইয়াবা দেওয়ার সময় কেউ পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দেয়।’অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই সাগর বড়ুয়া জানান, লাইলির দখল থেকে ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এ নারী খুবই ধুরন্ধর। সে জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।’ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, আগের পর্নোগ্রাফি মামলাটিও চলমান রয়েছে। নতুন মামলার সূত্র ধরে তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিএসএস