কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি কক্সবাজার সদর থানার পুলিশ কর্মকর্তারা।
তবে নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার সদর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা এশিয়া পোস্টকে জানান, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে একজন আইনজীবী বিষয়টি তুলে ধরেন। ওই আইনজীবী আদালতকে জানান, রাজু তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে গিয়েছিলেন এবং তাকে ধর্ষণ করেছিলেন। একই সঙ্গে আদালতকে তাজমিনের বয়সের বিষয়টিও জানানো হয়। এরপর আদালত ধর্ষণের মামলা দায়েরের নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে গত রোববার রাজুকে আটকের পরদিন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানিয়েছিলেন, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে রাজুর পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল। একপর্যায়ে গত ৬ অক্টোবর ভোরে তাজমিন কক্সবাজারে পৌঁছায়। ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন।
পরদিন দুপুরে তাজমিন একাই বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়। পরে কুমিল্লায় পৌঁছানোর পর সে হত্যাকাণ্ডের শিকার হয়।
রোববার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করা হয়। পরদিন সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লা পুলিশের একটি দল কক্সবাজার সদর থানায় গিয়ে রাজুকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দিলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার আদালতে হাজির করা হয়।
/এসএন