• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:২৯ এএম


স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় দিয়ে স্ত্রী কারাগারে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৫:০২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নির্যাতনের মামলা দায়েরের অভিযোগে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।বুধবার (২২ জুলাই) দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাকে উপস্থাপন করা হলে আদালত এ আদেশ দেন।পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দুমকি উপজেলার বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে আকলিমা বেগম যৌতুক ও নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয় এবং তাদের বৈবাহিক সম্পর্কেরও অবসান ঘটে। এরপর আকলিমা বেগম তার একমাত্র সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর পেয়ে আলমগীর হোসেন বাউফলে এসে সন্তানের সঙ্গে দেখা করতে যান।

এ সময় আকলিমার সহযোগীরা তাকে জোরপূর্বক দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই কাবিননামা সংযুক্ত করে আকলিমা আবারও পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে আদালতকে বিভ্রান্ত করে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানির অভিযোগে আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আকলিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

/বিএসএস