জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বাধ্যতামূলক মান সনদ ছাড়া ব্রেড ও কেক তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিশ্চিন্তা বাজার এলাকার কয়েকটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে যথাযথ উৎপাদন প্রক্রিয়া অনুসরণ না করে বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই ব্রেড ও কেক উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছিল।
এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী মায়া বেকারিকে ১০ হাজার টাকা এবং আখিঁ বেকারিকে (রাখি বেকারি) আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
/এসএন