বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালায় এবং সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, “বিএনপির একটি মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।”
/এসএন